কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ১০ মণ পুরাতন রড এবং একটি লোহার দরজা চুরির ঘটনায় প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নাজমুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ২১ জুলাই রাত ৮টার দিকে আধাঘণ্টা বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। ওই সময় প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং নৈশ্যপ্রহরী সিদ্দিকুর রহমান বিদ্যালয়ের পুরাতন রড ও একটি লোহার দরজা একটি ভ্যানে করে নিয়ে যান।
অনুমতি ছাড়া সরকারি মালামাল চুরি করা বা বিক্রি করা আইনবিরোধী ও ফৌজদারি অপরাধ। তাকে আগামী তিনদিনের মধ্যে জবাব দেয়ার অনুরোধ জানানো হয়।
স্থানীয় বাসিন্দা মো: হাবিব বলেন, ‘গত মঙ্গলবার রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে দেখি বিদ্যালয়ের লাইট বন্ধ এবং সেখানে একটি ভ্যানও রয়েছে। তারপর গুদামঘরের কাছে এসে দেখি প্রধান শিক্ষক, নাইটগার্ড ও একজন ভ্যানচালক ঘর থেকে রড বের করে ভ্যানে সাজাচ্ছেন।’
তার ভাষ্য, প্রধান শিক্ষক ও নাইটগার্ড সিদ্দিক এর আগেও রড, ভাঙা বেঞ্চসহ বিভিন্ন মালামাল রাতের বেলায় নিয়ে গেছেন।



