নওগাঁর সাপাহারে শয়ন ঘর থেকে আল আমিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২মার্চ) দিবাগত রাতে উপজেলার আইহাই ইউপির চণ্ডীপাড়া গ্রামে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত আল আমিন চণ্ডিপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের সাথে পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে আল আমিনের সাথে পরিবারের টাকা-পয়সা নিয়ে চরম বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে স্ত্রী বৃষ্টি খাতুন ঘুম থেকে জেগে দেখে তার স্বামী ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তার স্ত্রীর আর্ত চিৎকারে পাশের ঘরে থাকা শাশুড়িসহ পরিবারের সদস্যরা দ্রুত এসে তার স্বামীকে নিচে নামালেও ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলিফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



