মুফতী মুঈনুল ইসলামের স্মরণসভা বৃহস্পতিবার, অংশ নেবেন ফরিদপুরের শীর্ষ আলেমরা

মুফতী মুঈনুল ইসলাম ফরিদীকে সমকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অত্যন্ত মেধাবী একজন আলেম হিসেবে বিবেচনা করা হতো। শিক্ষাজীবনে তিনি বাহিরদিয়া মাদরাসা থেকে ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ’র একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করার বিরল সৌভাগ্য লাভ করেন।

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

Location :

Faridpur
মুফতী মুঈনুল ইসলাম ফরিদী রহ:
মুফতী মুঈনুল ইসলাম ফরিদী রহ: |ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীর মেধাবী আলেম ও প্রখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়ার আজিজিয়া বাহিরদিয়ার (বাহিরদিয়া মাদরাসা) সাবেক কৃতী শিক্ষার্থী মুফতী মুঈনুল ইসলাম ফরিদীর স্মরণসভা আগামীকাল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বোয়ালমারী উপজেলার চিতারবাজার মসজিদে এই স্বরণসভার আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সভার অন্যতম উদ্যোক্তা ও মাদরাসাতুল ইহসানের মুহতামিম হাফেজ আনোয়ার হুসাইন।

তিনি জানান, স্বরণসভায় বৃহত্তর ফরিদপুরের একাধিক শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। স্মরণসভায় সভাপতিত্ব করবেন চিতারবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শহিদুল ইসলাম।

এ সময় আরো যারা উপস্থিত থাকবেন, তাদের অন্যতম হলেন- গাজীপুর মাদরাসাতুল কোরআন ওয়াস-সুন্নাহর মুহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার (বারিধারা মাদরাসা) মুহাদ্দিস মুফতি জাকির হুসাইন কাসেমী, বাহিরদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ইমরান হুসাইন, কমলেশ্বরদী কামরুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি রওশন আহমাদ প্রমুখ।

মুফতী মুঈনুল ইসলাম গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের শিবচরে অবস্থিত তার কর্মস্থল জামিয়া আশরাফুল মাদারেস বন্দরখোলা মাদরাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। মুফতী মুঈনুল ইসলাম ফরিদী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব। মুফতী মুঈন মাদারীপুরের বন্দরখোলা মাদরাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদীস ছিলেন।

মুফতী মুঈনুল ইসলাম ফরিদীকে সমকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অত্যন্ত মেধাবী একজন আলেম হিসেবে বিবেচনা করা হতো। শিক্ষাজীবনে তিনি বাহিরদিয়া মাদরাসা থেকে ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ’র একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করার বিরল সৌভাগ্য লাভ করেন। বন্দরখোলার আগে তিনি একই উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া মিনারা মাদরাসাতেও শিক্ষকতা করেছেন। সংক্ষিপ্ত এই কর্মজীবনেও তিনি অসংখ্য শিক্ষার্থীর হাদীস ও ইসলামী শিক্ষার শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।