এবার গাজীপুরে জামায়াত নেতার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

‘আমার নম্বর থেকে আরো অনেকের কাছে একইভাবে টাকা চাওয়ার বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি আমি জানতে পেরেছি।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
অধ্যাপক জামাল উদ্দিন
অধ্যাপক জামাল উদ্দিন |ফাইল ছবি

এবার গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাক হওয়া ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে।

নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধির হোয়াটসঅ্যাপ নম্বরে অধ্যাপক জামাল উদ্দিনের ব্যবহৃত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল— ‘আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? কালকে ফেরত দিয়ে দিব।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক জামাল উদ্দিন জানান, তার হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। তিনি বলেন, ‘আমার নম্বর থেকে আরো অনেকের কাছে একইভাবে টাকা চাওয়ার বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি আমি জানতে পেরেছি।’

তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। একইসাথে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তার নম্বর থেকে কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা উপেক্ষা করতে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দেয়া এবং পরে জামায়াতের সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়।