নবীনগরে স্টিলের ব্রিজে ভাঙন, বড় দুর্ঘটনার আশঙ্কা

ব্রিজটির ভাঙা অংশে প্রায়ই যানবাহনের চাকা আটকে যায়। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে এবং যাত্রী ও পথচারীরা আহত হন। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বা সংস্কার উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
জীবনগঞ্জ বাজার সংলগ্ন স্টিল ব্রিজটির বেহাল অবস্থা
জীবনগঞ্জ বাজার সংলগ্ন স্টিল ব্রিজটির বেহাল অবস্থা |নয়া দিগন্ত

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন স্টিল ব্রিজটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। সেতুর কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টিলের ব্রিজটির পাটাতনে বিভিন্ন অংশে ভাঙন দেখা দিলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় মেরামতের কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। সময়ের সাথে সাথে সেতুটির অবস্থা আরো নাজুক হয়ে পড়ছে।

এলাকাবাসী জানান, ব্রিজটির ভাঙা অংশে প্রায়ই যানবাহনের চাকা আটকে যায়। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে এবং যাত্রী ও পথচারীরা আহত হন। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বা সংস্কার উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ তাদের।

‎প্রতিদিন ঢাকায় আসা-যাওয়ার প্রয়োজনে নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এ সেতু ব্যবহার করেন। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করায় সেতুটির গুরুত্ব অত্যন্ত বেশি।

‎স্থানীয়দের ভাষ্য, এটি দুই উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সহজ যোগাযোগ পথ। কোনো কারণে ব্রিজটি সম্পূর্ণ অচল হয়ে পড়লে দুই উপজেলার মানুষের স্বাভাবিক চলাচল, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

‎ব্রিজের পাশের মহসিন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মহসিনসহ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, দ্রুত সেতুটি মেরামত না করা হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

‎এলাকাবাসীর মতে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সরকারি উদ্যোগে দ্রুত স্টিল ব্রিজটি সংস্কার করে জনচলাচলে ভোগান্তি নিরসনে উদ্যোগ নেয়া হোক।