সিলেট-১ (সিটি করপোরেশন-সদর উপজেলা) আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পথসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় ব্যস্ত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এই সংঘর্ষের সূত্রপাত হলে তা আশপাশের তিন গ্রামের বিএনপির নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে এই সঙ্ঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পথাসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার বিএনপির নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়। যা প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবীব নয়া দিগন্তকে জানান, মধ্য রাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।



