চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছর বয়সী শিশু আফরিন আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি মো: ফয়সালকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানার পুলিশ।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী জেলার রায়পুরা থানার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) আসামি ফয়সালকে আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, ২৬ মার্চ ফয়সাল ও তার আরেক বন্ধু মিলে শিশু আফরিনকে ধর্ষণ ও হত্যা করে। হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকার পূর্বপাশে আল-আমিনের ভাড়াকৃত একটি তুলার গুদামে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে ফয়সালকে শনাক্ত করা হয়।
তিনি আরো জানান, শিশু আফরিনকে যখন পাওয়া যাচ্ছিল না তখন ফয়সাল ভিক্টিমের পরিবারের সাথে মিশে খোঁজাখুঁজির ভান করে। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে সে আত্মগোপনে চলে যায়। ঘটনার ৫৪ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ফয়সাল নিজের দোষ স্বীকার করে এবং ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়।
ফয়সালের জবানবন্দিতে উঠে আসা হত্যাকাণ্ডে জড়িত তার বন্ধুকে গ্রেফতারে পুলিশ চিরুনি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান নাজমুল হাসান।



