ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন বলেছেন, ‘ভোটের পরে অনেকেই নিজেদের নিরপরাধ দাবি করছে। যারা বিগত সময়ে দেশের মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না।’
তিনি বলেন, ‘তবে আইন হাতে তুলে নিয়ে নয়, তাদেরকে আইনের হাতে সোপর্দ করে বিচারের আওতায় আনতে হবে। তারা আমাদের অবুঝ শিশুদেরকেও রেহায় দেয়নি।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
অধ্যাপক জয়নাল আবদীন বলেন, ‘আমাদের এখন কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।’
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সহযোগিতায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফেনীতে আমরা ব্যাপক উন্নয়ন পেয়েছি। ফেনী আধুনিক সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণ, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট স্থাপন, ফেনী গার্লস ক্যাডেট কলেজসহ অনেক উন্নয়ন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জেলার অসমাপ্ত উন্নয়নে তার যে প্রতিশ্রুতি রয়েছে আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বিমুখ করবেন না। আমরা ফেনীর তিন এমপি একসাথে তার সাথে সাক্ষাৎ করে তার মায়ের প্রতিশ্রুতির কথা জানাবো। ফেনীতে মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থাসহ দাবিগুলো তার কাছে তুলে ধরব।’
জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জেলার সংক্ষিপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ‘ফেনীর সীমান্তবর্তী এলাকা দিয়ে এখনো মাদক ও চোরাকারবার চলছে। এসব অপরাধে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে। মাদক চোরাচালান বন্ধে সবাইকে নিয়ে কাজ করব এবং সবাইকে নিয়ে সুন্দর ফেনী গড়তে চাই।’
তিনি আরো বলেন, ‘অতীত আমাদের অনেক শিক্ষা দিয়েছে। যারা ক্ষমতায় গিয়ে জনগণকে ক্ষমতার দাপট দেখিয়েছে তাদের করুণ পরিণতি হয়েছে। এখন কেউ ক্ষমতা দেখানোর চেষ্টা করলে প্রশ্রয় দেয়া হবে না। আমি কোনো অন্যায়কে সমর্থন দেবো না।’
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, হেফাজতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্যাহ আহম্মদী প্রমুখ।



