ঝালকাঠি জেলা পরিষদের কার্যসম্পাদনে এমপিদের পরামর্শ গ্রহণের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ৪৬.৪২.৪২০০.০০০.৯৯.০৫৪.১৫.১৪৯৩ নং স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্রোর আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ‘ঝালকাঠি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রকল্প গ্রহণ, পরিকল্পনা গ্রহণ ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় নির্বাচিত সংসদ সদস্যগণের (MPs) সাথে কোনো প্রকার আলোচনা, পরামর্শ কিংবা সমন্বয় করা হয় না মর্মে সূত্রোক্ত ডিওপত্রে উল্লেখ করা হয়েছে। 'জেলা পরিষদ আইন, ২০০০'-এর ধারা ৩০-এ নিম্নরূপ বিধান রয়েছে: "৩০। পরিষদের উপদেষ্টা।- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ-সদস্যগণ উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হবেন এবং তারা পরিষদকে কার্যাবলী সম্পাদনে পরামর্শ প্রদান করতে পারিবেন।’
এছাড়া, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত এডিপি পরিপত্র-২০২২ এ নিম্নরূপ বিধান উল্লেখ রয়েছে: ‘সাধারণ বরাদ্দ উপখাতের আওতায় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৩০ অনুযায়ী মাননীয় সংসদ সদস্যগণের পরামর্শ গ্রহণ করতে হবে।’
বর্ণিতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ৩০ ধারা এবং এ বিভাগ কর্তৃক জারিকৃত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পরিপত্র, ২০২২-এর উপর্যুক্ত বিধিবিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’



