পাকুন্দিয়ায় বসতঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে বসতঘর থেকে হালিমা (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

Location :

Pakundia
পাকুন্দিয়ায় বসতঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাকুন্দিয়ায় বসতঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার |নয়া দিগন্ত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসতঘর থেকে হালিমা (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া এলাকার একটি বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের হালিমা উপজেলার মান্দারকান্দি গ্রামের মরহুম ফজলুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হালিমা হাঁটা-হাঁটি শেষ করে ঘরে এসে শুয়েছিলেন। কিছুক্ষণ পর তার ছোট মেয়ে শিউলী আক্তার সকালের নাস্তা খাওয়ার জন্য ডাকতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তার চিৎকার ও কান্নায় আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের বড় মেয়ে সোমা আক্তার দাবি করেন, ‘আমার মায়ের মৃত্যু স্বাভাবিক নয়। তার মুখে কালো দাগ এবং রক্তক্ষরণের চিহ্ন ছিল। আমাদের চাচা আব্দুল হাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। আমাদের ধারণা, এ বিরোধের জেরেই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ইউসুফ আলী লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের ছোট মেয়ে শিউলী আক্তার তার চাচাকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’