ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) উদ্যোগে এবং জেলা তথ্য অফিস, ঝালকাঠির সহযোগিতায় ‘ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম’-এর অংশ হিসেবে এক সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয়ের স্কুলগামী শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও প্রতিকার বিষয়ে প্রচারণা চালানো হয়। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর সভাপতি মো: আবির হোসেন রানার নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দফতর সম্পাদক সাহারিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির এবং সদস্য চম্পা খানম, সাকিব খান, তারেক হাসান বিজু, ফাহিমা আক্তার রীমা, রাফিয়া ইসলাম এশা, ইসরাত বহ্নি, মো: রাফি, নোমান, নুরুল আলম, ইভা, মওদুদ, রিয়াদ আব্দুল্লাহ, মনিরা আক্তার, আমিনুল ইসলাম, নাঈম খান ও লিমা আক্তার উপস্থিত থেকে সচেতনতামূলক প্রচার, শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বার্তা পৌঁছে দেয়া এবং বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সভাপতি মো: আবির হোসেন রানা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যুবসমাজ যদি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) সবসময় জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং নিজেদের পরিবার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলার লক্ষে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) ভবিষ্যতেও জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।



