পোরশায় মদ তৈরীর উপকরণসহ চোলাই মদ জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী, প্রয়োজনীয় নমুনা সংরক্ষণপূর্বক অবশিষ্ট মদ পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
চোলাই মদ
চোলাই মদ |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদসহ মদ তৈরীর উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামের আদিবাসী পাড়ায় এই অভিযান চালানো হয়।

এ সময় আট লিটার চোলাই মদ ও ৮০৫ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামের আদিবাসী পাড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত করা হয়। অভিযানকালে চিহ্নিত মাদককারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদা-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৭টি সিলভারের বড় পাতিল ও নয়টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং আট লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণপূর্বক অবশিষ্ট মদ পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।