লালমোহনে খাল খনন প্রকল্পের আওতাধীন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালটি প্রায় মৃত ছিল। খালটিকে খনন করে পুনরায় নতুন জীবন দান করা হয়েছে। এখানে শ্রমিক ভাইয়েরা নিরলস পরিশ্রম ও তাদের প্রচেষ্টার ফলে খালটি খনন করা হয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন |নয়া দিগন্ত

সারাদেশের মতো দ্বীপ জেলা ভোলার লালমোহনেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে খাল খনন প্রকল্পের আওতাধীন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে খাল খননের স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সিফাত বিন সাদেক।

জানা যায়, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা ডাকাতিয়া খালের তিন কিলোমিটার খননসহ বৃক্ষরোপণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এক কোটি তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ওই খাল খনন ও বৃক্ষরোপণে ২৩৮ জন শ্রমিক ৪৩ দিন ধরে কাজ করেন।

উদ্বোধন শেষে ইউএনও বলেন, বাংলাদেশ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ কোটি বৃক্ষরোপণ করা হবে। তারই অংশ হিসেবে আমরা লালমোহনে বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির অংশ হিসেবে রমাগঞ্জ ইউনিয়নের ডাকাতিয়া খাল খনন শেষে খালের দু’ পাশে বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, খালটি প্রায় মৃত ছিল। খালটিকে খনন করে পুনরায় নতুন জীবন দান করা হয়েছে। এখানে শ্রমিক ভাইয়েরা নিরলস পরিশ্রম ও তাদের প্রচেষ্টার ফলে খালটি খনন করা হয়েছে। এতে করে করে তার সুফল ভোগ করবেন এ অঞ্চলের মানুষ।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সফিউল্যাহ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো: সোহেল আজীজ শাহিন পাটাওয়ারী, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমর্দার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মো: খায়রুল হাসান কাঞ্চন, রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: জসীম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান নয়ন, ছাত্রদল সভাপতি মো: সোহাগ প্রমুখ।