দিনাজপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর পুনর্ভবা নদী থেকে লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার সহপাঠীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার পুনর্ভবা নদীর উলিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে। সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) বিকেলে লিমন ও তার কয়েকজন বন্ধু শহরের মাহুতপাড়া এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।
আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিমনের চার সহপাঠীকে আটক করা হয়েছে। তারা হলো— রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে লিমনের মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে নিহত লিমনের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



