হাসান উদ্দিন সরকার

পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে স্বাধীনতা অর্জনের, ভারতের সাথে হবে স্বাধীনতা রক্ষার

ভারতীয় রাজাকারের দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপি নগরীতে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে।

মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটির অগ্রভাগে জাতীয় পতাকা বহন করছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

শোভাযাত্রাটি গাছা থানার বোর্ড বাজার সংলগ্ন মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বিকেল ৩টা থেকে নগরীর ৮ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল মির্জাপুর সিএনজি পাম্পে এসে সমবেত হয়। ফ্যাসিবাদ সরকারের পতনের ফলে দীর্ঘদিন পর বিএনপি রাজপথে প্রকাশ্য প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করে। এ শোভাযাত্রা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নাচে-গানে রাজপথ মাতিয়ে তুলেন।

শোভাযাত্রাপূর্ব সমাবেশের বক্তৃতায় হাসান উদ্দিন সরকার বলেন, একাত্তরে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশ আর পাকিস্তান হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত বসে নেই। ভারতীয় রাজাকারের দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে একবার, আর কখনই তাদের সাথে আমাদের যুদ্ধ হবে না। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে বার বার। কারণ, একাত্তরে ভারত আমাদের জন্য নয়, বরং যুদ্ধ করেছে তাদের স্বার্থে।

তিনি বলেন, নিজস্ব স্বকীয়তায় বিশ্ব দরবারে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেজন্য সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী ভারত ও তাদের এ দেশীয় দোসররা সুগভীর চক্রান্তে লিপ্ত। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে হবে।