ঢাকার ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনার পর দ্বিতীয় দিনেও ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত এ অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ জুন) উপজেলার ঢুলিভিটা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. নুর আলম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।
অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
প্রশাসন সূত্রে জানা যায়, ঢুলিভিটা থেকে কেলিয়া এলাকার স্নোটেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকা পর্যন্ত মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “ঢুলিভিটা বাসস্ট্যান্ড ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক মানুষের চলাচল হয়। অবৈধ ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিং, নোটিশ ও সতর্কতা জারি করা হলেও অনেকেই তা মানেননি। তাই জনস্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরো বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পুনরায় অবৈধ দখল ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, “ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দোকানপাটের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। সড়ক বিভাগের জায়গা উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার এবং যানজট নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগ তাদের নিজস্ব জায়গা চিহ্নিত করেছে এবং প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করছে।



