পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে বিগত সরকারের সময়ে দায়ের করা মামলায় হত্যা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে পাটগ্রাম উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করে পাটগ্রাম থানা-পুলিশ।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও জামায়াত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি- জামায়াত জোটের কর্মসূচীতে তৎকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুইজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামি করা হয় সোহেল রানাকে।
এসব মামলায় পরোয়ানা জারি (ওয়ারেন্ট) করে লালমনিরহাট বিজ্ঞ আদালত। এতে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ পাহারায় তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে সোহেল রানাকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা ও পৌর জামায়াত বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিাবাদ সমাবেশ করেছে। সমাবেশে তারা সোহেল রানাকে গ্রেফতারের তীব্র নিন্দা মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ গ্রেফতার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে গ্রেফতার দেখানো না হয়। তাকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘তিনটি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সোহেল রানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’



