গাজীপুরে বাসের চাপায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস সামনে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি অটোরিকশার ওপর উঠে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। এ সময় মহাসড়কের ময়মনসিংহগামী লেনে যানবাহন আটকে যানজট লেগে যায়। খবর পেয়ে পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের সামনের অংশ কেটে আটকে পড়া অটোরিকশা থেকে হতাহতদের বের করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, ‘যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।’
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



