‎রুয়েটের ক্লাসরুমে খুলে পড়ল সিলিং ফ্যান, আহত ১ শিক্ষার্থী

দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটির পর রুয়েটে আজ ক্লাস শুরু হয়েছে এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

রুয়েট প্রতিনিধি
আহত শিক্ষার্থী ও খুলে পড়া ফ্যান
আহত শিক্ষার্থী ও খুলে পড়া ফ্যান |নয়া দিগন্ত

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পরে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ। ফ্যানের পাখা ঘাড়ের ওপর পড়লে আহত হন ফরহাদ। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

‎উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটির পর রুয়েটে আজ ক্লাস শুরু হয়েছে এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকি করা হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্টের সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

‎এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্লাসরুমসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

‎এ বিষয়ে জানতে চাইলে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা নিয়মিতভাবে ক্লাসরুমের সকল সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি। ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বোল্টের কোনো সমস্যার কারণেই এমনটি ঘটেছে। ইতোমধ্যে আমরা সব কক্ষ পুনরায় পরীক্ষা করার কাজ শুরু করেছি।’