বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লার এমপি প্রার্থীর গণসংযোগ

‘৯ এপ্রিল নির্ধারিত হবে বগুড়াবাসী সন্ত্রাস, চাঁদাবাজি চায় নাকি একটি শান্তিপূর্ণ বগুড়া চায়। সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত বগুড়া চাইলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
গণসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল
গণসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল |নয়া দিগন্ত

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি দিন-রাত ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে এরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। পরে এরুলিয়ায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন তিনি।

উঠান বৈঠকে উপস্থিত জনগণের উদ্দেশে আবিদুর রহমান সোহেল বলেন, ‘৯ এপ্রিল নির্ধারিত হবে বগুড়াবাসী সন্ত্রাস, চাঁদাবাজি চায় নাকি একটি শান্তিপূর্ণ বগুড়া চায়। সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত বগুড়া চাইলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। জামায়াতে ইসলামীর এমপি নির্বাচিত হলে একটি আধুনিক বগুড়া উপহার দেয়া হবে ইনশাআল্লাহ।’

উঠান বৈঠকে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, এরুলিয়া ইউনিয়ন আমির সুলতান আলী প্রমুখ।

এছাড়া বিকেলে ফাঁপোর ইউনিয়নের কৈচড় বাজারে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল। ফাঁপোড় ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন।