সরকারি স্থাপনাগুলোতে ইটের ব্যবহার দেখতে চাই না: মারদিয়া মমতাজ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ বলেছেন, ‘সরকারি স্থাপনাগুলোতে আমরা আর ইটের ব্যবহার দেখতে চাই না।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
সরকারি স্থাপনাগুলোতে ইটের ব্যবহার দেখতে চাই না: মারদিয়া মমতাজ
সরকারি স্থাপনাগুলোতে ইটের ব্যবহার দেখতে চাই না: মারদিয়া মমতাজ |নয়া দিগন্ত

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ বলেছেন, ‘সরকারি স্থাপনাগুলোতে আমরা আর ইটের ব্যবহার দেখতে চাই না।’

তিনি বলেন, ইটের বিকল্প ম্যাটেরিয়ালস (Materials) দিয়েও এখন স্থাপনা নির্মাণ সম্ভব। আমাদেরকে বললে এসব বিষয়ে বুয়েট থেকে সাহায্য করতে পারব। ইটের ভাটাগুলো মাইলের পর মাইল পরিবেশ দূষণ করছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আইইবি'র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে উদ্দেশ্য করে বলেন, ইটের বিকল্প দিয়ে আমাদের স্থাপনা করা দরকার।

তিনি আরও বলেন, ‘আমরা দেখি আবাসিক বিল্ডিং করার সময় শুধু আর্কিটেকচারাল ডিজাইন পাস করানো হয়। এতে সিভিল ইঞ্জিনিয়ারদের কোনো কাজই থাকে না। ঢাকা বেইলি রোডে একটি বিল্ডিং পোড়া অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। আবার নতুন কোনো বিল্ডিং হলেই দেখি নিচে মার্কেট বা হসপিটাল। অনুমোদনের সময় এসব বিষয় খেয়াল করা উচিত।’

আইইবি, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, আইইবি সভাপতি ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার পুত্রবধূ প্রকৌশলী মারদিয়া মমতাজকে কুমিল্লার আইইবি’র প্রকৌশলীরা সংবর্ধনা প্রদান করেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি কুমিল্লার মেয়ে নই, আমি কুমিল্লার বউ। আপনাদের সব সময়ের অতিথি।"

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে "নগর উন্নয়নে প্রতিবন্ধকতা ও প্রতিকারের উপায়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইবি কুমিল্লা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মুহম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।