বরগুনা জেলার আমতলী উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজন কৃষক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অর্থ অনুদান দেয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এ বজ্রঘাতের ঘটনা ঘটে।
জানা যায়, আমতলীর পুজাখোলা গ্রামে কৃষক নুরজামাল (৫৪) মাঠে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতে তার শরীর জলসে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
অপর দিকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার (৫৫) বুধবার দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার শরীর জলসে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা: হুমায়ুন হাসান সুমন তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: হুমায়ুন হাসান সুমন বলেন, ‘বজ্রপাতে নিহত খালেক হাওলাদারকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।’
আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো: হাসনাইন পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘নিহতের বাড়ী পরিদর্শন করে ওই পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।’



