রামগঞ্জে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঘটনার সময় পাশের বাড়ির এক মহিলা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে অভিযুক্ত সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
গ্রেফতার সেলিম হোসেন
গ্রেফতার সেলিম হোসেন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মো: সেলিম হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসার প্রথম জামায়াতের শিক্ষার্থী।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতিদিনের মতো নিজ বাড়ির উঠানে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ওই এলাকার বাসিন্দা সেলিম হোসেন তাকে চকোলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে যৌন নির্যাতন চালান। ঘটনার সময় পাশের বাড়ির এক মহিলা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে অভিযুক্ত সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা আফসানা জান্নাত শনিবার সন্ধ্যার দিকে রামগঞ্জ থানায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। মামলার পর রাতেই রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।