মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মতি মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মানবেন্দ্র বালো।
গ্রেফতার মতি উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মরহুম সবুর আলী বেপারীর ছেলে।
ওসি বলেন, ‘সোমবার শিশুটির মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে সিংগাইর থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মতিকে মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে অন্তঃসত্তা অবস্থায় ওই শিশুটির মাকে বিয়ে করেন মতি। পরে ওই নারী একটি মেয়ে সন্তান জন্ম দেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মতি শিশুটিকে ধর্ষণ করে।
ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে পরের দিন সকালে তার মা বিষয়টি জানতে পারেন। প্রথমে শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে।



