মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূলহোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’কে (৩৮) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরদিন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই মৌলভীবাজার ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা মূলহোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’কে শনাক্ত করেন। পরে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: জাফর হোসেন জানান, গ্রেফতার হওয়া বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে।



