রাজশাহী ব্যুরো
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় উদ্বোধনের পর টানানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নেতাকর্মীরা ব্যানারটি পুড়িয়ে দেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়।
জুলাই বিপ্লবের পরে দুই দফায় রাজশাহী নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্রজনতা। এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। হঠাৎ শুক্রবার রাতের কোনো এক সময়ে সেখানে মহানগর আওয়ামী লীগের নাম দিয়ে একটি ব্যানার টানিয়ে দেয়া হয়। এতে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় উদ্বোধন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে ব্যানার টানানোর বিষয়টি জানাজানি হলে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। মহানগর বিএনপির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলুর নেতৃত্বে ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন নেতাকর্মীরা।
শামসুল আলম মিলু গণমাধ্যমকে জানান, আমরা জানতে পারি যে আওয়ামী লীগের অফিসে ব্যানার টানানো আছে। এরপর আমরা সেখানে গিয়ে ব্যানার টানানো দেখতে পাই। পাশেই একটি ক্যামেরার দোকান আছে, সেখান থেকে অনেক চেষ্টা করলাম কারা লাগিয়েছে তা দেখতে। দেখলাম দুই তিনজন লাগাচ্ছে, তবে তাদের চেহারা স্পষ্ট নয়।
তিনি আরো বলেন, এরপর আমার সাথে থাকা লোকজন ব্যানারটি ছিঁড়ে ফেলেন। পরে আমরা সেটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিই।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে গেছে। পরে খবর নিয়ে দেখছি সেটি পুড়িয়ে দেয়া হয়েছে। তবে কে বা কারা লাগিয়েছে বা পুড়িয়েছে সেটি জানা নেই বলে জানান ওসি।


