নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মরহুম আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সাথে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে তার লোকজন ওসমান গণির ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি বিক্রি হলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা ছিল না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।



