গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

উপবৃত্তির ফর্মে স্বাক্ষরের কথা বলে তাকে মোবাইলফোনে পান্থাপাড়াস্থ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন অধ্যক্ষ রঞ্জু। গত ১৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে ধর্ষণের ওই ঘটনা মোবাইলফোনে ভিডিও করা হয়। এরপর থেকে তিনি ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে ব্লাকমেইলিং করার চেষ্টা করছিলেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
অধ্যক্ষ রঞ্জু
অধ্যক্ষ রঞ্জু |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রঞ্জু (৫০) নামে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কলেজের একজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে পৌর এলাকার পান্থাপাড়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রঞ্জু উপজেলার পন্ডিতপুর কলেজের অধ্যক্ষ। তিনি একই উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।

ধর্ষণের শিকার কলেজছাত্রী জানান, উপবৃত্তির ফর্মে স্বাক্ষরের কথা বলে তাকে মোবাইলফোনে পান্থাপাড়াস্থ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন অধ্যক্ষ রঞ্জু। গত ১৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে ধর্ষণের ওই ঘটনা মোবাইলফোনে ভিডিও করা হয়। এরপর থেকে তিনি ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে ব্লাকমেইলিং করার চেষ্টা করছিলেন।

এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী গত শুক্রবার রাত ৮টার দিকে অধ্যক্ষ রঞ্জুকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মামলার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ রঞ্জুকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার রঞ্জুকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক এস এম গালিব হাসান আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।