ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় চার্জ গঠন

২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিবর্ষণে টমটম চালক সবুজ নিহত হয়। ১৩ আগস্ট সবুজের ভাই ইউসুফ ৬৫ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
গুলিতে নিহত টমটম চালক সবুজ
গুলিতে নিহত টমটম চালক সবুজ |নয়া দিগন্ত

ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় একটি মামলার চার্জ গঠন করা হয়েছে। ওই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ জন নেতাকর্মী রয়েছে।

মঙ্গলবার (৫ মে) শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী চার্জ গঠন করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিবর্ষণে টমটম চালক সবুজ নিহত হয়। ১৩ আগস্ট সবুজের ভাই ইউসুফ ৬৫ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন।

সবুজের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি হলেও ফেনী শহরে টমটম চালাতেন। ২০২৫ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো: ফারুক মিয়া ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আসামিদের মধ্যে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী রয়েছেন। আলোচিত এ মামলায় আটজন কারাগারে, ৪৬ জন জামিনে ও ৭০ জন পলাতক রয়েছেন। গ্রেফতারের পর নবী মেম্বার ও ওসমান গণি লিটন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আসামিপক্ষে কামরুল হাসান, শরফুদ্দিন মাহমুদ মানিক, নুর হোসেন, শাহজাহান সাজু, ফজলুল হক ছোটনসহ কয়েকজন আইনজীবী চার্জগঠনের শুনানীতে অংশ নেন। তারা নিজাম হাজারী পিএস জেলা যুবলীগের সহ-সম্পাদক ফরিদ মানিক, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন বাহার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুল হক কালা, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রৌপসহ কয়েজনকে অব্যাহতির আবেদন জানান।

পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খান জানান, মঙ্গলবার চার্জ গঠন শেষে আগামী ২৩ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।