ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৬০ ব্যারেল সরিষার তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইয়ের মাত্র চার ঘন্টা পর সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তেলবোঝাই ট্রাক উদ্ধার করে পুলিশ।
রোববার (১ মার্চ) ভোরের দিকে পল্লীবিদ্যুৎ এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বায়তুল হাবিব জামে মসজিদের পাশে বিকল অবস্থায় ফেলে যান দুর্বৃত্তরা।
জানা গেছে, সাভারের নামা বাজারের মোহনা অয়েল মিল থেকে তেল নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। ভোর ৪টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে এবং মাইক্রোবাস থেকে সাতজন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
ট্রাকের চালক খায়রুল ইসলাম বাবু জানান, তাকে ও সহকারী সাব্বির হোসেনকে ট্রাক থেকে নামিয়ে চোখ-হাত বেঁধে মাইক্রোবাসে তুলে নেন দুর্বৃত্তরা। পরে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে তাদের মির্জাপুর এলাকার সড়কের পাশে ফেলে দেয়া হয়। ছিনতাইকারীরা চালকের কাছ থেকে ১১ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।
মোহনা অয়েল মিলের মালিক আব্দুর রাজ্জাক জানান, চালকের মোবাইল থেকে ফোন পেয়ে হেমায়েতপুরে ট্রাকটির অবস্থান জানা যায়। পরে সেখানে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তেলসহ ট্রাকটি ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল।
আশুলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত বুধবার একই এলাকা থেকে পাম তেলবোঝাই আরেকটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনারও তদন্ত চলছে।



