ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষধর সাপের দংশনে রাজিব আহমেদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ভোররাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় শিক্ষক মাহমুদুল হাসান ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রাজিব আহমেদ উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বন্দেরবাড়ী এলাকার কিতাব আলীর ছেলে। তার একটি ছেলেসন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজিব রোববার ভোররাত ৩টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। বিলে যাওয়ার পথে একটি বিষধর সাপ তাকে দংশন করে। তবে তাকে কোন প্রজাতির সাপে দংশন করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



