মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি

বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে এক পত্রের মাধ্যমে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

নয়া দিগন্ত অনলাইন
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |ছবি : নয়া দিগন্ত

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে মঙ্গলবার দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সাথে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপারও চলবে।

বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে এক পত্রের মাধ্যমে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন। একটি পত্রের মাধ্যমে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। সোমবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলবে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ভারতে কালীপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগণ স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে মঙ্গলবার কোনো পণ্য আমদানি-রফতানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক সে দেশে ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সাথে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।