দুর্গম পাহাড়ি উপজেলা বিলাইছড়ি উপজেলার সাথে সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নির্মাণাধীন বিলাইছড়ি-কাপ্তাই কারিগরপাড়া সড়কের প্রায় ৩০ কিলোমিটার কাজ আগামী ১৮০ দিনের মধ্যে শেষ করার আশা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
সম্প্রতি রাঙ্গামাটি জেলা প্রশাসনে অনুষ্ঠিত পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের প্রশ্নের জবাবে এলজিইডি রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফি বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, রাঙ্গামাটি জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। জেলার ছোট জেলা সড়ক, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণে একাধিক প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি আরো কয়েকটি বড় সেতুর নকশা প্রণয়নের কাজ চলছে। এছাড়া লংগদু উপজেলার মাইনী নদীর ওপর একটি বড় সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরো জানান, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার বিভিন্ন উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরো সহজ ও উন্নত হবে। ১৮০ দিনের কর্মসূচির আওতায় অনেক চলমান কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী জানান, বিলাইছড়ি উপজেলা রাঙ্গামাটির অন্যতম দুর্গম এলাকা এখনো এ উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই। এ কারণে কাপ্তাই উপজেলার কারিগরপাড়া থেকে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় ৪০ কিলোমিটার সড়ক নির্মাণের পাশাপাশি প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যের ১২টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৬০ শতাংশ।
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করায় নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাজ ব্যাহত হয়। পানি কমে গেলে সীমিত সময়ের মধ্যে দ্রুত কাজ এগিয়ে নিতে হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সহযোগিতায় কাজ অব্যাহত রয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে সড়কের প্রায় ৩০ কিলোমিটার কাজ শেষ করার আশা করা হচ্ছে।’
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ৪ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় প্রকল্পটি অনুমোদন পায়। পরে ২০২২ সালে দরপত্র প্রক্রিয়া শুরু হয়। প্রায় ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।



