কুষ্টিয়ায় ‍জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলের গণমিছিল
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলের গণমিছিল |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা ১১ দল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচ রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস তনির সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান সমন্বয়ক বেলাল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আব্দুল লতিফ খানসহ ১১ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা ক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা চব্বিশের জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ে বিচার সম্পন্ন করে সাজা কার্যকরের দাবি জানান। তারা শহরের ঐতিহাসিক পাঁচ রাস্তার মোড়কে জুলাই শহীদ চত্বর হিসেবে ঘোষণা করেন।

এ সময় বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানান।

বক্তারা বলেন, `চব্বিশের ছত্রিশে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ দ্রুত কার্যকর করা জরুরি। একইসাথে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।'

এসময় বক্তারা দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।