কুড়িগ্রামের উলিপুরে অবৈধ মাটি উত্তোলনের দায়ে আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) মধ্যরাতে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযুক্ত আনিসুর কুড়িগ্রাম সদরের টকটিহাটের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন। তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে আনিসুরকে দুই লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



