গাংনীতে প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে বোমা ও চিরকুট রেখে হুমকি

নির্মানাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি হাতবোমা ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
বোমা ও চিরকুট
বোমা ও চিরকুট |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে দু’টি হাতবোমা ও চিরকুট রেখে হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে দু’টি হতবোমা ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করে পুলিশ।

প্রবাসী মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চিরকুটে লেখা রয়েছে, শ্রদ্ধেয় মামা সালাম নিবেন। আশা করি ভালোই আছেন বিল্ডিং অনেক সুন্দর হয়েছে অনেক টাকা খরচ তাই না? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন তাই আমরা সোশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নাম্বার ০১৯৩৬-০২৪২৫৩ নগদ এক লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দিবেন। না দিলে ছেলে ও বিল্ডিং দুইটায় হারাবেন। নগদ বা বিকাশে টাকা না দিতে পারেন তাহলে নারগিসের বাথরুমের পিছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।

সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাদের নির্মানাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি হাতবোমা ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড়লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করেছে। স্থানীয় মুসল্লীরা সকালে প্যাকেট দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমা সাদৃশ্য বস্তু নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ্য বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।