পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। আগের সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রমাণ পিরোজপুর জেলা, যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। কোনো কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।’
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক ও সন্ত্রাস সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে এবং প্রশাসনের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘দায়িত্ব যথাযথভাবে ও সততার সাথে পালন করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো সরকারি দফতরে গিয়ে অযথা বসে থাকা বা হস্তক্ষেপ করা যাবে না। প্রশাসনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তবে কেউ অন্যায় বা দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হন এবং নিয়মিত কাজের তদারকি করেন। তার নির্দেশনা অনুযায়ী সব সরকারি কর্মকর্তাদের সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হয়ে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।’
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দেব নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসেরসহ অনেকে।



