নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

বেলা সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১’র একাধিক সদস্য ইমন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-১১’র সদস্যরা। এঘটনায় র‍্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের মাসদাইর বোয়ালিয়া খালস্থ বাঁধন কমিউনিটি সেন্টারের গলিতে এ ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন- কনস্টেবল ইব্রাহিম, মাহী ও লেন্সনায়েক নাজিবুর।

র‍্যাব-১১’র একটি সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১’র একাধিক সদস্য ইমন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে করে তিনজন সদস্য আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাব-১১-এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাব-১১ সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে।

এসময় র‍্যাব-১১-এর তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

র‍্যাব-১১-এর সিও সাজ্জাদ হোসেন জানান, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিগগিরই এ বিষয়ে ব্রিফিং করা হবে।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ‘পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।’