আমিনবাজারে পুলিশের এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলার পুলিশের এসবি সদসকে নিহত হয়েছেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নিহত পুলিশ সদস্য মো: আলতাফ হোসেন
নিহত পুলিশ সদস্য মো: আলতাফ হোসেন |নয়া দিগন্ত

সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্যাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো: আলতাফ হোসেন (৬০) নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টম্বর) সকালে সাভার মডেল থানার ওসি অপারেশন আবদুস ছবুর নয়া দিগন্তকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মরহুম জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বড়দেশী গ্রামের আল-আমিনের বাসার ভাড়া থাকতেন।

জানা গেছে, আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামে আলতাফের পাঁচ শতাংশ নিজস্ব জায়গায় টিনসেট বাসায় ছোট পরিসরে একটি গেঞ্জি কারখানা রয়েছে। শনিবার রাতে কারখানার সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। পরে চার থেকে পাঁচজন যুবক গাড়ি থেকে নেমে ওই বৃদ্ধ অটোরিকশাচালকে মারধর করতে শুরু করেন। এ ঘটনায় আলতাফ বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করলে ওই যুবকরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা আরো লোক ডেকে এনে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন। এ সময় আলতাফের ছেলে আরিফুর রাহমান বাবাকে বাঁচাতে গেলে হামলাকারীদের আঘাতে তিনিও গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।