সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক মনোনীত হয়েছেন সিলেট বিএনপির ত্যাগী নেতা হিসেবে পরিচিত মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সোমবার (১৭ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি এ্যাফেয়ার্স-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো: রুহুল আমিন স্বাক্ষরিত নিয়োগ পত্রের বরাতে তাকে এই মনোনয়ন দেয়া হয়। যা আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানানো হয়।
নগরের শাহী ঈদগাহ এলাকার স্থায়ী বাসিন্দা বদরুজ্জামান সেলিম ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত পরিচালক বদরুদ্দোজামান সেলিম মঙ্গলবার বেলা ২টার দিকে নয়া দিগন্তকে জানান, জালালাবাদ গ্যাসের পরিচালক মনোনীত হওয়ার মাধ্যমে তিনি সিলেটবাসীর সেবা করার যে সুযোগ পেয়েছেন তা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন।
এদিকে বদরুজ্জামান সেলিমের পরিচালক হিসেবে দায়িত্ব লাভের খবরে সিলেট বিএনপিতে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শতাধিক নেতা-কর্মী ও নগরবাসী পোস্ট করেছেন।



