ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্টক লটের ব্যবসায়ী মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মিজানুর ফেনীর ছাগলনাইয়া থানার সিদ্দিক ভেণ্ডার গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন।
এর আগে, শনিবার গভীর রাতে দু’টি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



