মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
গ্রেফতার কিশোর গ্যাংয়ের তিন সদস্য
গ্রেফতার কিশোর গ্যাংয়ের তিন সদস্য |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার জোরারগঞ্জ থানার খিলমুরারী গ্রামের হিরা মিয়ার ছেলে আলতাফ হোসেন মানিক (২০), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর আলম (২০) এবং বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে এনামুল হক নিলয় (১৯)।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে নির্মল ত্রিপুরা (২২) নামে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ওই দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে নগদ এক হাজার ৫০০ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হলুদ ও কালো রঙের কাটার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।