সিলেট নগরবাসীর জন্য শহরে একটি ফুসফুস হিসেবে উন্মুক্ত উদ্যান গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।’
শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য আট গুণীশিল্পী ও দু’টি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা অ্যাকাডেমি সম্মাননা-২০২৪ ও ২০২৫ পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।
জেলা শিল্পকলা অ্যাকাডেমি সম্মাননা-২০২৪ পদকপ্রাপ্ত গুণীজনরা হলেন আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কন্ঠসংগীত), মো: স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।
জেলা শিল্পকলা অ্যাকাডেমি সম্মাননা-২০২৫ পদকপ্রাপ্ত গুণীজনরা হলেন সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো: আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।
অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী সিলেটের সড়ক ও চিকিৎসাসেবাসহ নানা উন্নয়ন কাজের কথা জানিয়ে বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। একই সাথে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’
‘চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। আর এই ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করবে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।’
এ সময় মন্ত্রী জানান, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ শেষ হবে।



