ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার পাকশী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মধ্যবর্তী পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌরসভার দিলালপুর এলাকার বাসিন্দা ও জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে রিফাত তার সাত বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হন। হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় নৌকায় অবস্থানকালে তারা মদ্যপান করছিলেন বলে জানা গেছে। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা রিফাত নদীতে পড়ে যান।
তাকে উদ্ধারের জন্য সাথে থাকা দুই বন্ধু নদীতে ঝাঁপ দেন। কিন্তু প্রবল স্রোতের কারণে তারাও পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় দুই বন্ধুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ থাকেন।
খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিশেষ অভিযান চালায়।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো: সেলিম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ঘুরতে যান। ঝড়ো হাওয়ার মধ্যে তিনজন নদীতে পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় দু’জনকে উদ্ধার করা হয়। রিফাত হাসান রক্তিম নিখোঁজ ছিলেন।
পরে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ অভিযানে তল্লাশি চালিয়ে দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।



