লালমনিরহাট সদর উপজেলায় একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা ক্ষেতে কাজ করতে গিয়ে জমির ভেতর একজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি-না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



