মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সঙ্কট দেখা দিয়েছে। জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অন্তত সাতটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র দু’টিতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে। এছাড়া কয়েকটি স্টেশনে সীমিত পরিসরে ডিজেল বিক্রি হলেও চাহিদার তুলনায় তা অনেক কম।
জ্বালানি সঙ্কটের কারণে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অকটেন ও ডিজেল নিতে চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে দৈনন্দিন যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে জ্বালানি সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জ সদর উপজেলার মোক্তারপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে মোক্তারপুরের পূর্ণিমা ফিলিং স্টেশনে তেল নেয়ার সময় একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে।



