‘জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়’

মাদারীপুরের শিবচরে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে শিবচর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে শিবচর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মাদারীপুরের শিবচর থানায় কমিউনিটি পুলিশিং সভায় তিনি এ কথা বলেন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, ‘জনগণের সহযোগিতা ছাড়া কোনো পুলিশ বাহিনীর পক্ষেই অপরাধ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, ছিনতাই, চুরি, কিশোর গ্যাং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি আরো বলেন, কোনো ধরনের অপরাধ, অসামাজিক কাজ, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সামাজিক অস্থিরতার তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের দেয়া তথ্যের ভিত্তিতেই অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হয়। একটি নিরাপদ ও অপরাধমুক্ত শিবচর গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং শুধু একটি কর্মসূচি নয়, এটি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যত বেশি সম্পৃক্ত হবে, অপরাধ দমন ও সামাজিক সম্প্রীতি রক্ষা তত সহজ হবে। পুলিশ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে। কমিউনিটি পুলিশিং উদ্যোগের ফলে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সাফল্যও অর্জিত হয়েছে। আমাদের বিশ্বাস ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন সেলিম খান, যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল মান্নান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান খান মিলন, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যরা।