কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ (২৪) নামে এক যুবক। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার রাজারবাগ-মাদ্রা-নাথেরপেটুয়া সড়কের দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দৌলখাঁড় ইউনিয়নের কেকৈয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত আকাশ নিহত রায়হানের ফুফাত ভাই এবং ভোলাকোট গ্রামের মাসুমের ছেলে।
জানা যায়, মামাত-ফুফাত ভাই রায়হান ও আকাশ একসাথে মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌরসভার এ আর সরকারি হাইস্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায়। দীর্ঘক্ষণ খেলা উপভোগ করার পর দুই ভাই নাঙ্গলকোট পৌর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়।
এ সময় তারা অশ্বদিয়া সেতু এলাকায় পৌঁছলে অন্য একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রায়হান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রায়হানের ফুফাত ভাইকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে মুরগাঁও গ্রামের আবুল হাশেম ও মিজানসহ একাধিক ব্যক্তি জানায়, রাস্তা একদম ক্লিয়ার ছিল, কোনো প্রকার যানজট ছিল না। তারা কিভাবে অ্যাক্সিডেন্ট করল বুঝতে পারছি না। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করতে গিয়ে দেখি একজন মারা গেছে। আরেকজন আহত অবস্থায় পড়েছিল। তাৎক্ষণিক তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে নাঙ্গলকোটে থানার উপ-পরিদর্শক (এসআই) সমর বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিভাবে দুর্ঘটনা হয়েছে তার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আহত ব্যক্তি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে।



