জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মহান আল্লাহর কাছে শহীদ ওসমান হাদির শাহাদাত কবুলিয়ত ও তার জন্য জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।
মাহফিলে জামায়াতের সিলেট মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এর মাধ্যমে জুলাইযোদ্ধাদের ভীত-সন্ত্রস্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট সরকারমুক্ত হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সর্বশেষ ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমাদের ভাই হাদি।’
তিনি বলেন, ‘হামলা ও শাহাদাতের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবে না। হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শহীদ হাদি আধিপত্যবাদ মুক্ত, ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। পতিত হাসিনার ষড়যন্ত্র থেকে মাতৃভূমি রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’
মাহফিলে মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলাউদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মদ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, শফিকুল আলম মফিক, শামীম আহমদ, শাহেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও বংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।



