পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জের আওতাধীন আটটি জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) প্রতি একটি বিশেষ গোপনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে বর্তমানে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীদের আদালত থেকে জামিন পাওয়ার পর পুনরায় গ্রেফতার বা ‘শোন-অ্যারেস্ট’ দেখানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, ফ্যাসিস্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন কিংবা মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিরা জামিন পাওয়ার সাথে সাথেই তাদের বিরুদ্ধে থাকা অন্য কোনো পুরনো বা নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা করতে হবে।
তবে যেসব কর্মীর মধ্যে এ ধরনের সাংগঠনিক প্রভাব বা তৎপরতা চালানোর সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরো জানানো হয় যে, ইতোপূর্বেও এ সংক্রান্ত বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় এটি কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া ভিআইপি প্রটোকল এবং প্রটেকশন বা নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিআইজি।
রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা রোধে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এদিকে এই চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।



